সিলেটে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার সিলাম বটতলা এলাকার কলারতল-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন বালাগঞ্জ উপজেলার গহরপুর দেওয়ানবাজার এলাকার আনহার মিয়া (৫০), রেজাউল মিয়া (২০) ও অটোরিকশাচালক বাবুল মিয়া (৬৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা সিলেট থেকে বালাগঞ্জ উপজেলা বাজারের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ সুরমার সিলাম বটতলা এলাকার কলারতল-বালাগঞ্জ সড়কে অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় লোকজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাবুল মিয়াকে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রেজাউল মিয়া মারা যান। হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনজন।

সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনজনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।