ভোট গ্রহণের পর গণনার জন্য প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ব্যালট পেপার ঢেলে বাছাই করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে গাড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে
ভোট গ্রহণের পর গণনার জন্য প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ব্যালট পেপার ঢেলে বাছাই করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে গাড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে

বগুড়ার সাত আসনে গড়ে ভোট পড়েছে ৬৯ দশমিক ১০ শতাংশ

ভোর থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারের উপচে পড়া ভিড়। নারী ভোটারের ছিল দীর্ঘ সারি। ছিল উৎসবমুখর পরিবেশ। শহর থেকে গ্রাম—অধিকাংশ ভোটকেন্দ্রেই ছিল অভিন্ন চিত্র। দিন শেষে বগুড়ার সাতটি সংসদীয় আসনে গড়ে ভোট পড়েছে ৬৯ দশমিক ১০ শতাংশ। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

সাত আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসনে—৭৩ দশমিক ৪৫ শতাংশ। বগুড়া জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ ও নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ২৭। মোট ভোটকেন্দ্র ৯৮৩টি এবং ভোটকক্ষ ৫ হাজার ৪৭৮টি।

আসনভিত্তিক ভোটের হার

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা): বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট পড়েছে ৬১ দশমিক ৮৬ শতাংশ। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬১৪। ভোটকেন্দ্র ১২৬টি।

বগুড়া-২ (শিবগঞ্জ): ভোট পড়েছে ৬৮ দশমিক ৫৫ শতাংশ। ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫। ভোটকেন্দ্র ১১৪টি।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি): দিন শেষে ভোট পড়েছে ৭০ দশমিক ৫১ শতাংশ। ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৭৩১। ভোটকেন্দ্র ১১৮টি।

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম): ভোট পড়েছে ৭৩ দশমিক ৪৫ শতাংশ। ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৫২৩। ভোটকেন্দ্র ১১৪টি।

বগুড়া-৫ (শেরপুর ও ধুনট): দিন শেষে ভোট পড়েছে ৭০ দশমিক ৩২ শতাংশ। ভোটার সংখ্যা ৫ লাখ ৭২ হাজার ৩৪০। ভোটকেন্দ্র ১৮৮টি।

বগুড়া-৬ (পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা): ভোট পড়েছে ৭১ দশমিক ১৫ শতাংশ। ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোটকেন্দ্র ১৫০টি।

বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর): ভোট পড়েছে ৬৭ দশমিক ৮৯ শতাংশ। ভোটার সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৯২ জন। ভোটকেন্দ্র ১৭৩টি।