ভোট দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত নারী ভোটাররা। আজ বৃহস্পতিবার রাজশাহীতে
ভোট দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত নারী ভোটাররা। আজ বৃহস্পতিবার রাজশাহীতে

রাজশাহীতে সকাল সকাল ভোট দিয়ে উচ্ছ্বসিত নারী ভোটাররা

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোর থেকেই ভোটের লাইনে নারীদের উপস্থিতি লক্ষ করা গেছে। ভোট দিতে পেরে তাঁরা উচ্ছ্বসিত। নগরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৬টার পর থেকেই নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

প্রথম ভোটার হিসেবে ভোট দিতে এসেছেন টিয়ামণি। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভোট দিচ্ছি। আমার খুবই আনন্দ লাগছে। আগে কখনো ভোট দিইনি। এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছি। যাঁকে যোগ্য মনে হচ্ছে, তাঁকেই ভোট দেব।’

রাবেয়া বেগম ভোট দিয়ে বলেন, ‘অনেক বছর তো ভোট দিতে পারিনি। এবার দিতে পেরে খুব ভালো লাগছে। এবার দুটো ভোট দিয়েছি। খুব কম সময়ই লেগেছে।’

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হক বলেন, যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। নারী ভোটাররা খুব ভোরে ভোট দিতে চলে এসেছেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।

এবার রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৫টি।