বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে সোহরাওয়ার্দী হলে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে সোহরাওয়ার্দী হলে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক। তাঁর অভিযোগ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন।

তবে তায়েফ মাহমুদের দাবি, মেজবাউল মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেননি এবং তাঁর অনুসারীরাই প্রথমে তায়েফ, সিফাতসহ তাঁদের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা করেন।

অন্যদিকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহরাওয়ার্দী হলের একাধিক শিক্ষার্থী জানান, গতকাল রাত ৮টার দিকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক হলের জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করার জন্য বের হন। তখন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। সেখানে দুই পক্ষ পরস্পরকে হুমকি দেয়। মিছিল শেষে ফেরার সময় হলের ভেতর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

যেহেতু তাদের কথামতো দুই পক্ষরই দোষ রয়েছে। আমরা হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই, এখানে প্রকৃত দোষী কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রাধ্যক্ষ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল

নাম প্রকাশে অনিচ্ছুক সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের এক শিক্ষার্থী বলেন, মিছিল শেষ করে হলে ফেরার পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আঘাত পেয়েছেন। এ ছাড়া কয়েকটি মুঠোফোনও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমি আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। যেহেতু তাদের কথামতো দুই পক্ষরই দোষ রয়েছে। আমরা হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই, এখানে প্রকৃত দোষী কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।’