
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘ভাতিজাকে গুলি করার পর পুলিশ গেলে রাতভর বাড়ির একটি কক্ষ থেকে ১০ থেকে ১৫টি গুলি ছোড়া’ দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ হাবিব উল্লাহকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে একটি শটগান, একটি পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করে হাটহাজারী থানার পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে হাবিব উল্লাহকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বিকেলে বাড়ির কাছের সড়কে নাতি সম্পর্কের মুনতাসির সাদাফ (১২) নামের এক শিশুকে লক্ষ্য করে গুলি করেন হাবিব উল্লাহ। তবে গুলিটি সাদাফের গায়ে লাগেনি। এরপর গতকাল রোববার রাত আটটার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বকুলতলা এলাকার নিজ বাড়িতে ছোট শিশুদের ঝগড়া নিয়ে হাবিব উল্লাহ তাঁর ভাতিজা আরব আমিরাতফেরত প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিনকে (৫০) গুলি করেন।
চোয়ালে গুলি লেগে গুরুতর আহত হন জসিম। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল), হাটহাজারী থানার ওসি ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আবার চেয়ারম্যান হাবিব উল্লাহ বাড়ির দোতলা থেকে দুই থেকে তিনটি অস্ত্র দিয়ে একের পর এক গুলি ছুড়তে থাকেন। এ সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। এমনকি পুলিশও আতঙ্কিত হয়ে পড়ে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রাতভর ১০ থেকে ১৫টি গুলি ছোড়েন হাবিব উল্লাহ। আজ সকালে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে লাইসেন্স করা একটি শটগান ও একটি পিস্তল উদ্ধার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।