মানিকগঞ্জ

মন্দিরের চালে সিন্ডিকেটের হাত

ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এসব সিন্ডিকেট গড়ে তুলেছেন। এতে যোগসাজশ রয়েছে স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও।

মানিকগঞ্জ জেলা
মানিকগঞ্জ জেলার ম্যাপ

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে চাল বরাদ্দ দেয় সরকার। সরকারি ওই চাল খাদ্যগুদাম থেকে নেওয়ার পর মন্দির কমিটির তা বিক্রি করে টাকা নেওয়ার কথা। কিন্তু মানিকগঞ্জের সাতটি উপজেলায় মন্দিরের জন্য বরাদ্দ দেওয়া চাল মন্দির কমিটি নিতে পারছে না। ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা সিন্ডিকেট করে ৪০ টাকা কেজির চাল মন্দির কমিটিকে ২৮ টাকা থেকে ৩১ টাকায় বিক্রি করতে বাধ্য করছে। খাদ্যগুদাম কর্মকর্তাদের যোগসাজশ করে তাঁরা এই অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মন্দির কমিটি ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবারও সরকারিভাবে মন্দির কমিটিগুলোকে পূজার খরচ চালানোর জন্য সহায়তা করা হয়েছে। প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চালের চাহিদাপত্র (ডিও) উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এসব চাহিদাপত্রের বিপরীতে মন্দিরগুলোর কমিটিকে চাল দেওয়ার কথা। অথচ সব উপজেলায় চাল ক্রয়-বিক্রয়ের জন্য গড়ে ওঠা সিন্ডিকেটের সদস্যরা চাপে ফেলে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে কম মূল্যে এসব চাল কিনে নিচ্ছেন।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনির্বাণ পাল বলেন, জেলায় ৫৪৮টি মন্দিরে ৫০০ কেজি করে মোট ২৭৪ মেট্রিক টন (২ লাখ ৭৪ হাজার কেজি) চাল বরাদ্দ দেওয়া হয়। মন্দির কমিটি সিন্ডিকেটের কাছে বাজারদরের চেয়ে গড়ে ১০ টাকা করে কম দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছে। সেই হিসাবে জেলায় পূজার সরকারি অনুদান থেকে ২৭ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রতিবছরই এই আর্থিক অনিয়ম হয়ে আসছে। প্রশাসনকে জানালেও সুফল মিলছে না।

গতকাল রোববার দুপুরে সরেজমিনে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয়ে দেখা যায়, ওই কর্মকর্তার কক্ষে এক কর্মচারী বিভিন্ন মন্দির কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদকের স্বাক্ষর নিচ্ছেন। কক্ষে চেয়ারে বসে এক তরুণ একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মন্দির কমিটির প্রতিনিধিদের ১৪ হাজার টাকা করে দিচ্ছেন। ওই তরুণ তাঁর নাম বলতে রাজি হননি। কথা বলে জানা গেল, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান সিন্ডিকেট করে সরকারি মূল্য থেকে প্রতি কেজি ১২ টাকা করে কম দিচ্ছেন। ওই তরুণ ছাত্রলীগ নেতার প্রতিনিধি হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে উপজেলার মান্দারতা পূর্বপাড়া সর্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি উপেন্দ্র মণ্ডল বলেন, বাধ্য হয়েই তাঁদেরকে সিন্ডিকেটের কাছে কম মূল্যে চাল বিক্রি করতে হয়। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রলীগ নেতা আতোয়ার রহমান বলেন, ভৌগোলিক কারণে এ উপজেলায় চালের দাম কম হওয়ায় মন্দির কমিটিকে কম টাকা দেওয়া হয়েছে।

সদর উপজেলার উচুটিয়া কর্মকারপাড়া সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ কমিটির সভাপতি বাদল কর্মকার বলেন, ডিওতে তাঁর স্বাক্ষর নিয়ে প্রতি কেজি ৩১ টাকা দরে ৫০০ কেজি চাল বাবদ ১৫ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। সিন্ডিকেটের কারণে বাজারদরের চেয়ে কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হয়েছেন তাঁরা।

সদর উপজেলায় সিন্ডিকেটের মধ্যে যাঁদের নাম আসছে, তাঁরা হলেন, মানিকগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম এবং তারেক খান। এর মধ্যে কবির হোসেন দাবি করেন, মন্দির কমিটির কেউ চাল নিচ্ছেন, কেউ বিক্রি করে দিচ্ছেন। বাজারদরের চেয়ে তাঁদের কম মূল্য দেওয়া হচ্ছে না।

এসব বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল বলেন, ‘চাল বিতরণ করা আমাদের দায়িত্ব। তবে মন্দির কমিটি কারও কাছে চাল বিক্রি করলে এটা আমাদের দায়িত্ব নয়। এ প্রক্রিয়ার সঙ্গে আমাদের (খাদ্যগুদামের) কেউ জড়িত থাকার সুযোগ নেই।’