চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল কর্মী মো. আলী হোসেন
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল কর্মী মো. আলী হোসেন

শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে নিজেই না ফেরার দেশে

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় দিবস উপলক্ষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে গাড়িচাপায় মো. আলী হোসেন (৩৭) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মো. আখেরুজ্জামানের ছেলে। গতকাল রোববার রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মারা যান তিনি।

পুলিশ, আলী হোসেনের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই কন্যাসন্তানের জনক আলী হোসেন পেশায় কৃষক। কৃষিকাজ ও কৃষি যন্ত্রপাতি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। একই সঙ্গে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল রাতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন তিনি। তখন দ্রুতগতির ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস পেছনে থাকা আলী হোসেনকে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন।

বিজয় দিবসে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে গাড়ি চাপায় নিহত যুবদল কর্মী আলী হোসেনের বাড়িতে স্বজনদের আহাজারি। আজ সকাল সাড়ে আটটায় মিরসরাইয়ের দক্ষিণ ওয়াহেদপুর এলাকা থেকে তোলা

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আলী হোসেনের চাচা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলাম। আলী হোসেন ছিলেন পেছনের দিকে। মহাসড়ক ধরে নিজামপুর পুলিশি তদন্তকেন্দ্রের সামনে এলে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস আলী হোসেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া নিজামপুর পুলিশি তদন্তকেন্দ্রের সহকারী উপপুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে নিজামপুর পুলিশি তদন্তকেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রীবাহী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া পথচারীদের একজনের সঙ্গে বাসের ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। আমরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে দিয়েছি।’