
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোনাবাড়ী নতুন বাজার এলাকায় চায়না মার্কেটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বিপণিবিতানে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে প্রথমে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। ওই বিপণিবিতানে ঝুট গুদাম, ঝুট কাপড়ের তৈরির জামাকাপড়ের দোকান, পোশাকের দোকানসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।