ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচন

দেড় ঘণ্টায় একটি বুথে একটি ভোট

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, তবে ভোটারদের উপস্থিতি খুবই কম।

সকাল ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৭ নম্বর বুথে একটি ভোট পড়েছে। ওই বুথে মোট ভোটার ৩৯৩ জন। পাশের ২ নম্বর বুথে ভোট পড়েছে মাত্র দুটি আর ৩ নম্বর বুথে ভোট পড়েছে তিনটি। ওই কেন্দ্রে নারীদের ৩ হাজার ৩৩৫টি ভোট রয়েছে।

জানতে চাইলে পাইলট উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে। তবে ভোটাররা কেন কেন্দ্রে আসছেন না, তা বোঝা যাচ্ছে না।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে একই উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৫, ৬ ও ৯ নম্বর বুথে একটি করে ভোট পড়েছে। এই বুথগুলো মহিলাদের। সেখানে ১, ২ ও ৩ নম্বর বুথে ১৪টি করে ভোট পড়েছিল।

ভোটকেন্দ্রের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদ হোসেন। ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, সকাল থেকে ঠান্ডা বাতাস বইছে। ভোটাররা তাই একটু অপেক্ষা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, এ আসনে ইভিএমে ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১। শুরুতে ভোটারের উপস্থিতি কম হলে বাড়বে।
বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানের পদত্যাগের কারণে শূন্য হওয়া এ আসনে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম), বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল) ও স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায় (একতারা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।