
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে সেখানে থাকা চেয়ার, টেবিলসহ অন্য আসবাব। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতা-কর্মীর দাবি, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেওয়ার পর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির ওই কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে পুড়ে যায় অফিসে থাকা সব আসবাবপত্র। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। টের পেয়ে স্থানীয় কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহেশপুর উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিতর্ক তৈরি হয়। বিষয়টি ওই দিনই সমাধান করা হয়। তবে ওই ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পর কার্যালয়টি পরিদর্শনে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আগুনে সেখানকার আসবাব পুড়ে গেছে। তবে ককটেলের আলামত পাওয়া যায়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।