খুলনায় বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখানো হলো নাশকতা মামলায়

গ্রেপ্তার
প্রতীকী ছবি

খুলনা নগরে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে তাঁকে সোনাডাঙ্গা থানা এলাকার আল আমিন মহল্লার ভাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার দুপুরে তাঁকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে সদর থানা–পুলিশ।

নুরুল ইসলাম মেঘনা লাইফ ইনস্যুরেন্সের খুলনার শাখাপ্রধান হিসেবে দায়িত্বরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হকের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার সদস্যসচিব হিসেবে কাজ করছেন।

নুরুল ইসলামের স্ত্রী নাজনীন আকতার প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি বাগেরহাটের কাটাখালী এলাকায়। চাকরি ও ছেলেমেয়েদের পড়াশোনা করানোর জন্য তাঁরা ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন নুরুল। পথে তাঁকে আটক করে সোনাডাঙ্গা থানা–পুলিশ। পরে ছেলেসহ বাড়িতে নিয়ে এসে ছেলেকে রেখে নুরুলকে থানায় নিয়ে যাওয়া হয়। রাত নয়টার দিক থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর সোনাডাঙ্গা থানায় গিয়ে দেখা যায়, তাঁকে লকআপে আটকে রাখা হয়েছে। এ সময় সেখানে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, তিনি ভিপি নুরুল হকের দল করেন, এ জন্য নাকি তাঁকে আটকে রাখা হয়েছে।

নাজনীন আকতার আরও বলেন, অনেক রাত পর্যন্ত থানায় থেকে পরে তাঁরা বাড়ি চলে আসেন। সকালে গিয়ে তাঁরা জানতে পারেন, নুরুল ইসলামকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তাঁকে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নাশকতা করার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো খুলনা সদর থানা–পুলিশের প্রতিবেদনে দেখা গেছে, গত ১৩ ডিসেম্বর জামায়াতের নেতা–কর্মীরা তাঁদের আমির শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে নাশকতা করার উদ্দেশ্যে নগরের টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে দুটি ককটেলসহ বিভিন্ন বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় সেদিনই খুলনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ওই মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া আসামিরা জিজ্ঞাসাবাদে নুরুল ইসলামের নাম উল্লেখ করেছেন। পরে ২৩ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে সোনাডাঙ্গা থানার আল আমিন মহল্লা থেকে তাঁকে আটক করা হয়েছে।

জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ওই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

জানতে চাইলে জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই নাশকতা মামলার তদন্ত করতে গিয়ে নুরুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তাঁকে সোনাডাঙ্গা থানা–পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করা হয়েছে। কোনো রিমান্ড চাওয়া হয়নি, তবে মামলার প্রয়োজনে রিমান্ড চাওয়া হতে পারে।

গণ অধিকার পরিষদের খুলনা জেলা আহ্বায়ক মো. বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, নুরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। একটি রাজনৈতিক দলের সদস্যসচিব হওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকার ভিন্নমত দমন করার যে পন্থা হাতে নিয়েছে, এটা তারই অংশ।