কুড়িগ্রাম-৪ আসন

নৌকার প্রতিদ্বন্দ্বী তিন স্বতন্ত্র

চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা নিয়ে এই আসন গঠিত। স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনের মাঠ।

সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টিকে কুড়িগ্রাম-১ ও ২ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। অন্য দুটি আসনের মধ্যে কুড়িগ্রাম-৪-এ নৌকার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র তিন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনের মাঠ।

চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৪ আসন গঠিত। এখানে প্রার্থী রয়েছেন ১১ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য বিপ্লব হাসান ওরফে পলাশ। দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম (ট্রাক প্রতীক), রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান (ঈগল প্রতীক) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুকুল ইসলাম (ঢেঁকি প্রতীক)।

গত কয়েক দিন রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রার্থীদের জনসংযোগ করতে দেখা যায়। প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরছেন। নির্বাচিত হলে ব্রহ্মপুত্র নদের বাম তীর সংরক্ষণ, দেওয়ানগঞ্জ থেকে রৌমারী রেললাইন স্থাপন, কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

এই আসনে ১১ জন প্রার্থীর মধ্যে চিলমারী ও রাজীবপুর উপজেলার আছেন দুজন করে। সাতজনের বাড়ি রৌমারী উপজেলায়। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও দলের দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন। ফলে তাঁদের ভোট কিছুটা ভাগাভাগি হবে বলে নেতা-কর্মীরা মনে করছেন।

স্বতন্ত্র প্রার্থী ফারুকুল ইসলামের বাবা প্রয়াত চিকিৎসক লুতফর রহমান এলাকার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি চিকিৎসক হিসেবে সেবা দিয়েছেন। বাবার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান ফারুকুল ইসলাম।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে এই উপজেলার ভোটারের প্রায় শতভাগ ভোট ফারুকুল ইসলাম ফারুক পাবেন। এ ছাড়া রৌমারী ও রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের অনেক সমর্থকও তাঁকে ভোট দেবেন। তাঁকে জয়যুক্ত করতে চিলমারীর মানুষ জোট গঠন করতে শুরু করেছে। আর ব্রহ্মপুত্রের এপার-ওপার জোট গঠিত হলে ফারুকুল ইসলামের সুবিধা হবে বেশি।

ফারুকুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অনেক ভোটের ব্যবধানে আমি জয়ী। প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে আমি যতটুকু শুনেছি, এবার নিরপেক্ষ নির্বাচন হবে। সেই আশা নিয়ে নির্বাচনের মাঠে আছি।’

তবে আরেক স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমানও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন। তিনি যাদুরচর ইউপি ও রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এই উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে রৌমারী সদর ইউনিয়ন, দাঁতভাঙ্গা ইউনিয়ন, রাজীবপুর উপজেলার তিন ইউনিয়নের মধ্যে কোদালকাঠি ইউনিয়নে তাঁর ভোটব্যাংক রয়েছে।

এই আসনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম সাইফুর রহমান ভোটারদের কাছে ততটা পরিচিত মুখ না হলেও প্রচারণায় বেশ সরব আছেন। জাতীয় পার্টির ইউনিয়ন পর্যায়ের অনেক সমর্থক তাঁর নাম শুনলেও অনেকে তাঁকে দেখেননি বলে জানান।

প্রার্থী হিসেবে তিনি অন্যদের তুলনায় কম বয়সের হওয়ায় তরুণ যুবক ভোটারদের কাছে তিনি বেশ জনপ্রিয়। ইতিমধ্যে তিনি নির্বাচনী মাঠে মিছিল-মিটিং করে কিছুটা ভোটের আমেজ নিয়ে এসেছেন।

আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব হাসানের (৩৮) বয়স অন্য প্রার্থীদের তুলনায় কম। তাঁর সমর্থকেরা জানিয়েছেন, তরুণ ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েছে। দলীয় প্রতীক পাওয়ায় তিনি ভোটের মাঠে অন্যদের চেয়ে এগিয়ে আছেন। রৌমারী উপজেলায় চর শৌলমারী ইউনিয়ন, বন্দবেড় ইউনিয়নে, রৌমারী সদর ইউনিয়ন, যাদুরচর ইউনিয়ন ও রাজীবপুর উপজেলা সদর ইউনিয়নে দলমত-নির্বিশেষে তাঁকে ভোটে দেবেন।

তবে ভোটের মাঠে কাউকে ছোট করতে দেখছেন না বিপ্লব হাসান। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ছোট করে দেখতে নেই। যাঁরা ভোটে দাঁড়িয়েছেন, তাঁরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি। শেষ মুহূর্ত পর্যন্ত যাঁরা সংগঠিতভাবে কাজ করতে পারবেন, তাঁরাই জয়ী হবেন। সেদিক বিবেচনায় আওয়ামী লীগ সংগঠিত দল এবং এই দলের বিভিন্ন উইং একসঙ্গে মাঠে প্রচারণা চালাচ্ছে। তাই জয় আমাদেরই হবে।’