সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বিএনপি লিখিত অঙ্গীকার করছে, জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আমরা তাদের বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই। আমরা আশা করি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই শহীদদের রক্তের ঋণ তারা শোধ করবে।’
শনিবার বগুড়ার একটি হোটেলের সম্মেলনকক্ষে সুজনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগণই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক মতবিনিময় সভায় বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে বহু রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্থবহ করতে হলে নাগরিকদের অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যে সুজন কাজ করছে। সুজন শুধু নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থী নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে না, সাধারণ মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে স্থানীয় সমস্যা সমাধানে সুজনের স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করছেন। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি। কেবল রাজনৈতিক পরিবর্তন নয় বরং জনগণের ক্ষমতায়নই টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে পারে। এ জন্য সুজন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
বদিউল আলম মজুমদার বলেন, যুগে যুগে তরুণেরাই দেশের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধের তরুণেরা দেশের জন্য জীবন দিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানেও তরুণেরা সাহসী লড়াই করেছে। ‘সুজন বন্ধু’ গঠনের মধ্য দিয়ে তরুণদের সুজনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সুজনের বগুড়া জেলা শাখার সভাপতি এস এম আসফাক হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান।