মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, আহত ১৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাসকে আরেকটি বাসের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই বাসের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতজনকে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসারা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদ্মা সেতুমুখী ইলিশ পরিবহনের একটি বাস শ্রীনগরের কেউটখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রী নামাচ্ছিল। সে সময় একই দিকে থেকে আসা সোহাগ পরিবহনের যাত্রীবাহী আরেকটি বাস এসে ওই বাসে সজোরে ধাক্কা দেয়। এতে ওই দুই বাসের ১৩-১৪ জনের মতো আহত হন। তাঁদের মধ্যে ৮-৯ জনের অবস্থা গুরুতর ছিল। সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাহমিনা খান বলেন, রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত ১৩ জন রোগী হাসপাতালে এসেছিলেন। সাতজনকে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ছয়জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, পদ্মা সেতু হওয়ার পর মহাসড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। তবে দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে নির্দিষ্ট বাসস্ট্যান্ডে বাস না থামা। এ রুটের বাসগুলো হয় স্ট্যান্ডের আগে নয়তো পরে থামে। ইলিশ পরিবহনের বাসটিও বাসস্ট্যান্ডে না থেমে বিদ্যালয়ের সামনে এসে যাত্রী নামাচ্ছিল।