
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক টিনশেড ভবনের তালা ভেঙে দখলে নেওয়া রফিকুল ইসলামকে কেন্দ্রটি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান। আজ শনিবার দুপুরে কেন্দ্রটির চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, স্বাস্থ্য বিভাগ ১৮ সেপ্টেম্বর দখলদার রফিকুল ইসলামকে সাত দিনের মধ্যে দখল ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে। এই সময়সীমার মধ্যে তিনি দখল না ছাড়লে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যদি জেলা প্রশাসকের মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়, তবে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি জমি ও ভবন দখলমুক্ত করার ব্যবস্থা নেবেন। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়া হবে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সম্প্রতি চৌগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক টিনশেড ভবনসংলগ্ন সরকারি জমিতে জোর করে একটি টিনের ঘর তোলেন। স্বাস্থ্য বিভাগ থেকে তাঁকে ওই ঘর ভেঙে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু তিনি তা না করে বরং উপস্বাস্থ্য কেন্দ্রের তালা ভেঙে দখল করে সেখানে বসবাস শুরু করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১৮ সেপ্টেম্বর রফিকুল ইসলামকে আবাসিক ভবন ও স্থাপনা ছেড়ে দেওয়ার জন্য লিখিত নোটিশ দেন। নোটিশে তাঁকে সাত দিনের মধ্যে দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাঁকে দখলচ্যুত করতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
এ ঘটনা নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলো অনলাইনে ‘নাটোরে তালা ভেঙে উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন দখলের অভিযোগ, কর্মকর্তা ও কর্মীদের হুমকি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানের নজরে আসে। আজ শনিবার দুপুরে তিনি ওই কেন্দ্রের চিকিৎসক সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি খবরের সত্যতা খুঁজে পান। সেই সঙ্গে দখলদার রফিকুল ইসলামকে উপস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক টেনশেড ভবন ও পাশে জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। রফিকুল ইসলামও অবৈধভাবে দখলের বিষয়টি স্বীকার করেন। তবে দখল ছেড়ে দিতে তিনি পাঁচ থেকে ছয় বছর সময় চেয়েছেন। এ সময় আল ইমরান বলেন, ‘আপনাকে (রফিকুলকে) স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নোটিশ পাওয়ার ছয় দিনেও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকের দুলাভাই রফিকুল ইসলাম উপস্বাস্থ্য কেন্দ্রের টিনশেড আবাসিক ভবন ও জমি ছেড়ে দেননি। তিনি পরিবারের সদস্যদের নিয়ে টিনশেড আবাসিক ভবন ও পাশে তাঁর নির্মিত টিনশেড ঘরে বসবাস করছেন।