ছিনতাই
ছিনতাই

বাড়ির ফটকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হামলার পর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিহত ব্যক্তির নাম নাম অলিফ চন্দ্র দত্ত (৪৫)। তিনি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। উপজেলা সদরে তাঁর ‘দুলাল জুয়েলার্স’ নামে একটি সোনার দোকান আছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ চন্দ্র। এর কিছুক্ষণ পর বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছান। সেখানে আগে থেকেই অবস্থান করছিল কয়েকজন দুর্বৃত্ত। তারা পেছন থেকে অলিফের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর সঙ্গে থাকা প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শব্দ পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে এসে অলিফ চন্দ্রকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ওমর ফারুক, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

ঘটনাস্থল থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানান মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তির ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।