
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে রবিন চৌধুরী নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গতকাল রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে রবিন চৌধুরী ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রাত তিনটার দিকে রবিনকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁকে আজ সোমবার আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
মামলায় ওই নারীর স্বামী অভিযোগ করেছেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর স্ত্রী কর্মস্থলে যাচ্ছিলেন। ইউপি সদস্য রবিনের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর স্ত্রীর গতি রোধ করেন রবিন ও তাঁর দুই সহযোগী। তাঁর স্ত্রী যেতে না চাইলে জোর করে তুলে নিয়ে রবিন তাঁর কার্যালয়ে আটকে রাখেন। বিষয়টি তাঁর স্ত্রী মুঠোফোনে তাঁকে জানানোর পর তিনি সেখানে যান। এ সময় রবিন তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তা না দিলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হবে বলে হুমকি দেন রবিন। স্ত্রীর সোনার কানের দুল দুটি দিয়ে তাঁদের ছেড়ে দেওয়ার আকুতি জানান তাঁরা। কিন্তু তাঁর চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ করেন রবিন।