আগুন
আগুন

দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫ দোকান

দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দীঘিনালার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খবর পাওয়ার পর দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে আসা ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের দাবি, বাজারের কাপড় গলির কোনো একটা দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনার পরপর ফায়ার সার্ভিসে ফোন করা হয়। ব্যবসায়ীদের প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে দীঘিনালা ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে যান। আগুন বেড়ে যাওয়ায় তাঁরা খাগড়াছড়ি স্টেশনের সহায়তা চান। তিনি আরও বলেন, ‘আমরা ৩টা ১৭ মিনিটে খাগড়াছড়ি সদর থেকে মুভ করি। ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো আমরা নিশ্চিত হতে পারি নাই। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে কি-না, তা তদন্ত করে বলতে হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সময় আমরা জানাব।’

এর আগে গত বছর দুবার আগুন লাগে এই বোয়ালখালী বাজারে। প্রথমবার ৭ মার্চ এবং দ্বিতীয়বার ২৬ মার্চ আবারও আগুন লাগলে ১৭টি দোকান পুড়ে যায়। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙ্গালী সাম্প্রদায়িক হামলায় আরও একবার পুড়েছিল এই বাজার।