
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের সংবাদ সম্মেলন নিয়ে প্রতিবেদন করায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি শরিফুল আলম ওরফে শিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা দুইটার দিকে বগুড়া শহরের থানা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হামলার শিকার সাংবাদিকেরা হলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ ও স্থানীয় দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাতে হামলার শিকার জে এম রউফ বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দেন। আজ সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম রাত সাড়ে ১০টার দিকে ফল পাল্টানোর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন। সাংবাদিক জে এম রউফ বলেন, টাউন ক্লাবে বসে তিনি ওই প্রতিবেদন লিখছিলেন। এ সময় কালবেলার প্রতিবেদক প্রদীপ মহন্ত ও দৈনিক বগুড়ার প্রতিবেদক জহুরুল ইসলাম ছাড়াও আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ নেতা শরিফুল ইসলাম ক্লাবে এসে বসেন। তিনি হিরো আলমের সংবাদ সম্মেলনের প্রতিবেদন লেখা দেখে ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করেন শরিফুল।
এ ঘটনার পর বৃহস্পতিবার সাংবাদিক নেতারা বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সঙ্গে দেখা করে বিষয়টি জানান। পুলিশ সুপার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে মারধরের ঘটনার দুই দিন পরও যুবলীগ নেতা শরিফুলকে গ্রেপ্তার না করায় আজ সকাল থেকে বগুড়ার সাংবাদিক সংগঠনগুলো আন্দোলন শুরু করে। আজ দুপুর ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাব ছাড়াও বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে), সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা এই সভায় বক্তব্য দেন। সভা থেকে যুবলীগ নেতা শরিফুলকে গ্রেপ্তার ও তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
অন্যদিকে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আজ প্রায় একই সময়ে শহরের সাতমাথায় সড়ক অবরোধ করে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের আরেকটি অংশ। এ সময় শরিফুলকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
আন্দোলনরত সাংবাদিকদের একটি সূত্রে জানা গেছে, সাংবাদিকদের প্রতিবাদ ও চাপের মুখে আজ দুপুরে যুবলীগ নেতা শরিফুলকে থানা মোড় এলাকায় কৌশলে ডেকে নেয় পুলিশ। এরপর সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।