জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাংবাদিক নির্যাতনের বিচারের নামে প্রহসন 

১৫ মাসে চার সাংবাদিকের ওপর হামলা হয়েছে। এর মধ্যে দুটি ঘটনায় শাস্তি হিসেবে ১৪ ছাত্রলীগকে দেওয়া হয়েছে স্থগিত নিষেধাজ্ঞা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনে তদন্তের নামে কালক্ষেপণ এবং জড়িত ব্যক্তিদের দেওয়া ‘স্থগিত নিষেধাজ্ঞা’ নামের শাস্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এই শাস্তিকে বিচারের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘প্রহসন’ বলে উল্লেখ করছেন ভুক্তভোগী সংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

স্থগিত বহিষ্কারের ব্যাখ্যা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (আইন) মাহতাব-উজ-জাহিদ প্রথম আলোকে বলেন, স্থগিত বহিষ্কার পাওয়া শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন। আবাসিক হলেও অবস্থান করতে পারবেন। স্থগিত বহিষ্কৃত শিক্ষার্থীরা ছাত্রত্ব থাকাকালে যদি ছাত্র-শৃঙ্খলা অধ্যাদেশ পরিপন্থী কোনো কাজ করেন, তাহলে বহিষ্কার কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় গত ১৫ মাসে তিন দফায় চারজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শাস্তি হিসেবে স্থগিত বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগের ১৪ কর্মীকে। আর ছয় মাসের বহিষ্কার করা হয়েছে একজনকে।

স্থগিত বহিষ্কারাদেশ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, এটা আসলে মন রক্ষা করার মতো একটা বিচার। যদি শাস্তি বা বিচার হয়, তাহলে বহিষ্কার মানে বহিষ্কার। যদি এমন হয় বহিষ্কারের পর ক্লাস-পরীক্ষা দিতে পারবে, হলেও থাকতে পারবে, তাহলে সাংবাদিক নিপীড়ন বেড়ে যাবে। সাংবাদিকদের কাজই হলো সত্য তথ্য তুলে ধরা। সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের।

প্রক্টর কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ২১ আগস্ট দিবাগত রাত দুইটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথিকক্ষে ছাত্রলীগের রাজনৈতিক বৈঠক চলাকালে ভিডিও ধারণ করা হয়েছে এমন সন্দেহে ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধর ও লাঞ্ছিত করেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন ওই সাংবাদিক। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে প্রথমে সাত কর্মদিবস বেঁধে দেওয়া হয়, পরে বাড়িয়ে তা ১০ দিন করা হয়। কিন্তু প্রতিবেদন জমা দেওয়া হয় ১০ সেপ্টেম্বর। পরে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে শৃঙ্খলা বোর্ড থেকে সিন্ডিকেটে সুপারিশ পাঠানো হয়। এরপর ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় অভিযুক্ত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে স্থগিত বহিষ্কারসহ জরিমানা করা জয়। জরিমানা ও সতর্ক করা হয় দুজনকে।

এর মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের আমিনুর রহমান ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের তাওসিফ সারারকে ছয় মাসের স্থগিত বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়; নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের হৃদয় রায় ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেনকে তিন মাসের স্থগিত বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসাইন জিদান ও ইতিহাস বিভাগের আব্দুল্লাহ আল আদনানকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ (৪৮ ব্যাচ) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। এর মধ্যে আব্দুল্লাহ আল আদনান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। বাকিরা সক্রিয় কর্মী।

নির্যাতনের স্বীকার আসিফ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমার ওপর হামলার ঘটনায় যথেষ্ট প্রমাণ, সাক্ষী, সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও প্রশাসন এমন একটা বিচার করেছে, যা তামাশা বলা চলে।’ 

এর আগে চলতি বছরের ২২ মার্চ, মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলার উদ্দেশ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দিকে যেতে থাকলে বটতলা এলাকায় বাধা দেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় তাঁরা বটতলায় দেশীয় অস্ত্রের মহড়া দেন। ঘটনাস্থলে একুশে টিভি অনলাইনের সাংবাদিক জুবায়ের আহমেদ সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁর ওপর হামলা করেন মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলেও কোনো বিচার হয়নি। 

জুবায়ের আহমেদ বলেন, ‘আমি যাদের নামে অভিযোগ দিয়েছিলাম তাদের কাউকেই শাস্তি দেওয়া হয়নি। প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আমার বোধগম্য না। এসব বিচারহীনতা চলতে থাকলে সাংবাদিকতা করা টাফ ব্যাপার।’

গত বছরের ২ আগস্ট রাত ১১টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ রুবেলকে শারীরিকভাবে নির্যাতন করেন হল ছাত্রলীগের কয়েকজন কর্মী। অনেক গড়িমসির পর ঘটনায় জড়িত ১১ জন ছাত্রলীগ নেতা-কর্মীর একজনকে বহিষ্কার করে প্রশাসন। বাকি ১০ জনকে স্থগিত বহিষ্কার করা হয়।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ‘স্থগিত বহিষ্কার’কে প্রহসন বলে মনে করছেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক (একাংশ) আলিফ মাহমুদ। তিনি বলেন, নির্যাতনের ঘটনার পর তদন্তের নামে কালক্ষেপণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এমন সব বহিষ্কার করা হয়, যা স্রেফ তামাশা। প্রশাসন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচার করতে ভয় পায়। কারণ, তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিভিন্ন কাজে ব্যবহার করে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, বঙ্গবন্ধু হলের ওই ঘটনায় যাঁরা জড়িত, তাঁরা অনিচ্ছাকৃতভাবে হামলাটা করে। তাঁরা চোর মনে করে হামলা করে। তবে এটা অবশ্যই ছাত্র-শৃঙখলা পরিপন্থী এবং অপরাধও। তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিয়ে শৃঙ্খলা বোর্ড চারজনকে বিভিন্ন মেয়াদে স্থগিত বহিষ্কারের সুপারিশ করেছে। আর এবারই প্রথম অর্থনৈতিক জরিমানাও করা হয়েছে। কাজেই এই শাস্তি লঘু করে দেখার সুযোগ নেই।