উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশাহারা আশরাফুল

ভ্যান হারিয়ে দিশাহারা চালক আশরাফুল ও তাঁর স্ত্রী। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে তাঁদের বাড়িতে
ছবি: প্রথম আলো

উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে গেছে। দুদিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। আশপাশের বিভিন্ন হাটবাজারে ও পথেঘাটে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান মেলেনি। ভ্যান হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন চালক মো. আশরাফুল আলম (৪৬)।

আশরাফুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনের সংসার চলে ভ্যানের চাকায়। এখন কোথায় যাবেন, কী করবেন, কী খাবেন—এই ভেবে তাঁর কাটছে দিনরাত।

আজ শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, টিনশেড ঘরের মাটির বারান্দায় বসে আছেন আশরাফুল ও তাঁর স্ত্রী শেফালী খাতুন। তাঁদের চোখেমুখে হতাশার ছাপ। পাশেই পড়ে আছে ভ্যানের চার্জার।

এনজিও থেকে থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেছিলেন আশরাফুল। গত বুধবার বিকেলে হাঁসদিয়া চর থেকে তাঁর ভ্যানটি চুরি হয়ে গেছে।

এ সময় আশরাফুল জানান, তিনি মাত্র চার মাস আগে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে একটি অটোভ্যান কিনেছিলেন। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে দুজনের সংসার চালিয়ে ঋণের কিস্তির টাকা দেন। কিন্তু গত বুধবার বিকেলে হাঁসদিয়া চর থেকে তাঁর ভ্যানটি চুরি হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আর পাননি তিনি। বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

আশরাফুল বলেন, ভ্যানই ছিল তাঁর একমাত্র উপার্জনের অবলম্বন। ভ্যানটি হারিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন।

কান্নাজড়িত কণ্ঠে আশরাফুলের স্ত্রী শেফালী খাতুন বলেন, ‘ওই ভ্যানই আমার সব। ভ্যান চালিয়েই প্রতিদিন চাল-ডাল কিনত। খাব কী? আর লোন (ঋণ) দেব কী করে...।’

জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, তিনি পরিবারটির খোঁজ নিয়েছেন। ভ্যানটি হারিয়ে তাঁরা খুব অসহায় হয়ে পড়েছেন। তিনি পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতা করবেন।