জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে

ব্রাহ্মণবাড়িয়ায় হাসিনার উদ্দেশে মাহমুদা মিতু

আপনি আসি আসি বলে আসবেন না, এমন ধোঁকা আপনার নেতা-কর্মীদের দিয়েন না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু ভারতে পলাতক শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘হাসিনা এখানে (ভারত) বসে উঁকি দেন। পালাব না বলে পালিয়ে গেছেন। আপনি আসি আসি বলে আসবেন না, এমন ধোঁকা আপনার নেতা-কর্মীদের দিয়েন না। আমরা ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। উনি আসবেন, ওনারে ফাঁসি দিব।’

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জেলা এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা মিতু এসব কথা বলেন।

এনসিপির নেতা-কর্মীদের উদ্দেশে মাহমুদা মিতু বলেন, ‘ছাত্রলীগ-আওয়ামী লীগ রাস্তাঘাটে নামলে আপনাদের প্রতিহত করতে হবে।’

‘জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে?’ প্রশ্ন করে নেতা-কর্মীদের উদ্দেশে মাহমুদা মিতু বলেন, ‘বিএনপি কথায় কথায় আমাদের উদ্দেশে বলে, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। আপনারা (বিএনপি) ব্যবসা বলে আমাদের আটকাইয়া রাখতে পারবেন না। আমরা প্রত্যেকটা শহীদের কথা বলব।’

বিএনপিকে উদ্দেশ করে এনসিপির এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপির কথা বলতে গেলে যাঁর কথা বলতে হয় তিনি হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের জন্য লড়াই করেছেন। তাঁর কণ্ঠস্বর কিন্তু কেউ রুখতে পারে নাই। তিনি বরাবর সংস্কারের পথে ছিলেন। আপনাদের সাথে আমাদের লড়াই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ভালো রাষ্ট্র উপহার দেওয়া, হাজার বেকার তরুণের হাতে চাকরি তুলে দেওয়া ও নারীর সম্মানের লড়াই। আমরা পুলিশ সংস্কার চেয়েছি। আমরা চেয়েছি, পুলিশ কারও দলদাস হবে না। এই পরিবর্তনগুলোই আমরা আনতে চাই। আমরা জনগণের কথা বলতে চাই।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ। কেন্দ্রীয় নারীশক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুবশক্তির আহ্বায়ক মো. মুজিব, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী প্রমুখ।