অষ্টম শ্রেণি পাস, তবুও তিনি দাঁতের চিকিৎসক

হুমায়ুনের বাবা বেঁচে নেই। তিনি বাবার কাছ থেকে এ পেশা রপ্ত করেছেন বলে জানান।

মুদিদোকানের বেঞ্চিতে শুইয়েই দাঁতের চিকিৎসা করছেন হুমায়ুন কবীর। গত শুক্রবার ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ি সড়কের ধুরুয়া গ্রামে
ছবি: প্রথম আলো

মো. হুমায়ুন কবীর (৬১)। তিনি একজন দাঁতের চিকিৎসক। যেখানে রোগী পান, সেখানেই তিনি চিকিৎসা করান। তাঁর ভাষায়, তিনি ছোটবেলা থেকেই এভাবে দাঁতের চিকিৎসা দিচ্ছেন।

হুমায়ুন মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তাঁর বাবা বেঁচে নেই। তিনি বাবার কাছ থেকে এ পেশা রপ্ত করেছেন বলে জানান।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামে হুমায়ুনের বাড়ি। তাঁরা ছয় ভাই। তিন ভাই দাঁতের চিকিৎসক। তাঁদের কেউই বিডিএস ডিগ্রিধারী নন। কিন্তু তাঁদের বাড়িটি এলাকায় ডাক্তার বাড়ি নামে পরিচিত। তিন ভাই নাকি তাঁদের বাবার কাছ থেকে দাঁতের চিকিৎসার তালিম নিয়েছেন। এর পর থেকে তাঁরা চিকিৎসা পেশায় নিয়োজিত। তবে একজন মারা যাওয়ার পর দুই ভাই এ পেশায় নিয়োজিত রয়েছেন।

হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, তাঁর বাবা ইছব আলী ব্রিটিশ আর্মিতে চাকরি করতেন। সেখানে তাঁর বাবা চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। সেই অভিজ্ঞতা থেকে বাবা তাঁদের দাঁতের চিকিৎসা শিখিয়ে দিয়েছেন।

গত শুক্রবার নান্দাইল-আঠারবাড়ি সড়কে একটি বহুতল মাদ্রাসা ভবনের কাছে অবস্থিত একটি মুদি দোকানের বেঞ্চিতে শুইয়ে এক তরুণের দাঁতের চিকিৎসা করছিলেন কথিত দন্তচিকিৎসক হুমায়ুন কবীর। এ ধরনের চিকিৎসার দৃশ্য চোখে পড়ে এই প্রতিবেদকের।

সামনে গিয়ে দেখা যায়, হুমায়ুন সাইকেলে করে একটি বাক্স বহন করছেন। ওই বাক্সে রয়েছে দন্ত চিকিৎসার সরঞ্জাম ও নানা ওষুধপত্র। রোগীদের তোলা দাঁতগুলো একটি বাক্সে রেখে দিয়েছেন প্রদর্শনের জন্য। প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, দাঁত তোলা থেকে শুরু করে, ডেন্টাল ফিলিং, রুট ক্যানেল সব করতে পারেন তিনি। দন্ত চিকিৎসা সম্পর্কে তাঁর কোনো ডিগ্রি না থাকার কথা বলেন তিনি। হুমায়ুনের পকেটে ইনজেকশান পুশ করার সিরিঞ্জ দেখা যায়। সিরিঞ্জ দিয়ে কী করেন জানতে চাইলে দাঁত তোলার জন্য দাঁতের গোড়ায় অবেদন করার ইনজেকশান প্রয়োগের কথা জানান তিনি।

যত্রতত্র রোগীদের চিকিৎসা করতে আপনাকে কেউ বাধা দেয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেডা বাধা দিব। আমি তো মাইনষ্যের উপকার করতাছি। বিনিময়ে যা কিছু পাই, তা দিয়ে আমার সংসার চলে।’ তিনি রাজধানীর মিরপুর থেকে ওষুধপত্র কিনে আনেন। ৪০ বছরের বেশি সময় ধরে তিনি এলাকায় চিকিৎসা করছেন।

চামারুল্লাহ গ্রামের আট-দশজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, হুমায়ুন তাঁদের গ্রামসহ আশপাশের এলাকায় দাঁতের চিকিৎসক হিসাবে পরিচিত। গ্রাম থেকে সদরে অবস্থিত সরকারি হাসপাতালে গিয়ে গ্রামের লোকজন দন্তচিকিৎসকের দেখা পান না। এদিকে দন্তচিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে গিয়ে দাঁতের চিকিৎসা করাতে গেলে প্রথম সাক্ষাতে হাজার টাকার বেশি খরচ পড়ে। তাই খরচের পাহাড় সামাল দিতে হুমায়ুনকে বাড়িতে ডেকে এনে অনেকে ৫০-১০০ টাকা দিয়ে দাঁতের চিকিৎসা নেন। তাঁরা বলেন, আগে সরকারি চিকিৎসা সহজলভ্য করতে বলুন, পরে হাতুড়ে চিকিৎসা সম্পর্কে মানুষকে জ্ঞান দিতে আসবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশীদ বলেন, স্বীকৃত হাসপাতাল ও ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া দাঁতের চিকিৎসা করা ঠিক নয়। এতে রোগীর জীবনহানি হতে পারে। মাড়িতে ক্যানসার হওয়ার সম্ভবনা থাকে।