আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের কেউ কেউ দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করছেন।

মানিকগঞ্জে তিনটি সংসদীয় আসনের মধ্যে মানিকগঞ্জ-১ আসন জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ফলে ছাড় পেলেও চাপে রয়েছেন জাপার প্রার্থী। কেউ দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করছেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। অন্যদিকে দলের মনোনীত প্রার্থী প্রত্যাহার হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অনেকে অস্বস্তিতে পড়েছেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় প্রার্থী প্রত্যাহার হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাপার প্রার্থীর জন্য কাজ করবেন। ইতিমধ্যে এ বিষয়ে দলীয় সিদ্ধান্তও হয়েছে। ততবে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের কেউ কেউ দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করছেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।
নির্বাচন বিশ্লেষকদের মতে, ২০০৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে জোটের প্রার্থী হিসেবে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আবদুল মান্নানকে মনোনয়ন দেওয়া হয়। জোটগতভাবে আওয়ামী লীগ এবারও আসনটিতে আবদুল মান্নানকে ছাড় দিতে পারে বলে জেলার রাজনৈতিক সচেতন মহলে ধারণা ছিল। তবে ঋণখেলাপির দায়ে আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। মানিকগঞ্জ-১ আসনটি জাপাকে ছেড়ে দেয় আওয়ামী লীগ।
কৌশলগত কারণে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে আওয়ামী লীগের প্রার্থীকে প্রত্যাহার করলেও শক্তিশালী অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী। এ আসনে জাপার প্রার্থীর বাড়ি মানিকগঞ্জ-৩ আসনে (জেলা সদরে)। মানিকগঞ্জ-১ আসনে জাপার প্রার্থীর ভোটারদের সঙ্গে যোগাযোগের যথেষ্ট ঘাটতি রয়েছে। ফলে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই করতে বেশ বেগ পেতে হবে।
২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এ এম নাঈমুর রহমান। এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তবে ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে জাপার প্রার্থী মো. জহিরুল আলমকে ছেড়ে দেয়। তিনি জাপার সভাপতিমণ্ডলীর সদস্য। দ্বৈত প্রার্থী হওয়ায় জহিরুল আলম মানিকগঞ্জ-৩ আসনের জাপার প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত সোমবার প্রতীক বরাদ্দের পর জহিরুল আলম সাংবাদিকদের বলেন, ‘এ (মানিকগঞ্জ-১) আসনটি আমার জন্য নতুন হওয়ায় সেখানে কাজ না করায় কিছুটা কঠিন পরীক্ষা (চ্যালেঞ্জ) হবে। তবে যত কঠিনই হোক না কেন তা থেকে উত্তরণ হতে পারব। কারণ, মাঠে দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণ আছেন। প্রশাসনও এবার নিরপেক্ষ থাকবে এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।’
মানিকগঞ্জ-১ আসনে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০১৪ সাল থেকে তিনি এই আসনে দলীয় মনোনয়ন চেয়ে আসছেন। নির্বাচনী এলাকার প্রত্যন্ত এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন। আওয়ামী লীগের তৃণমূলে নেতা-কর্মীদের অনেকে তাঁর সঙ্গে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন।
সালাউদ্দিন মাহমুদ বলেন, দলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। দলের অনেক নেতা-কর্মী তাঁর সঙ্গে গণসংযোগে অংশ নিচ্ছেন। ভোটারদেরও সরব সমর্থন পাচ্ছেন তিনি।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও ছেড়ে দেওয়া প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, দলীয় সিদ্ধান্তেই তাঁকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে। দলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল হওয়ায় তিনি তা মেনে নিয়েছেন। তিনি আরও বলেন, যেহেতু দলের সভানেত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী প্রত্যাহার করে জাপাকে আসনটি ছেড়ে দিয়েছেন, তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের (জাপা) প্রার্থীর জন্য কাজ করার নির্দেশনা রয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, জোটের (জাপা) প্রার্থীর পক্ষে কাজ করতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।
আওয়ামী লীগের তৃণমূলে নেতা-কর্মীদের একাংশ দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন। নেতাদের অনেকে বলছেন জোটের প্রার্থী অথবা দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করতে বাধা নেই।