বগুড়ায় নিখোঁজ দুই বিএনপি নেতার মধ্যে একজন বাড়ি ফিরেছেন

বগুড়া জেলার ম্যাপ
বগুড়া জেলার ম্যাপ

বগুড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া বিএনপির দুই নেতার মধ্যে একজন বাড়ি ফিরেছেন। অন্যজনের সঙ্গে মুঠোফোনে পরিবারের যোগাযোগ হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখনো বাড়ি ফেরেননি।

নিখোঁজ দুই নেতার বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ দেওয়ার একদিনের মাথায় বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন। তবে এত দিন তিনি কোথায় কার হেফাজতে ছিলেন সে ব্যাপারে মুখ খুলেননি।

অন্যদিকে নিখোঁজ আরেক বিএনপি নেতা কাহালু উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঙ্গে বুধবার রাত নয়টায় মুঠোফোনে কথা হয়েছে পরিবারের। দেলোয়ার হোসেনের বাড়ি বীরকেদার ইউনিয়নের মদনাই গ্রামে। আর আনোয়ার হোসেনের বাড়ি একই ইউনিয়নের ভোলতা গ্রামে।

আনোয়ার হোসেনের ভাতিজা মো. নুরুনবী বলেছেন, বৃহস্পতিবার ভোরে চাচা ফোন করে শেখাহার সিএনজি স্ট্যান্ডে আছেন জানালে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে নিয়ে আসেন। তবে তিনি ঘটনার বিষয়ে কিছুই জানাচ্ছেন না, কারও সঙ্গে কথাও বলছেন না।

কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, আনোয়ার হোসেন বাড়ি ফিরেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে পুলিশকে নিশ্চিত করা হয়েছে। দেলোয়ারের সঙ্গে বুধবার রাতে তার স্ত্রীর যোগাযোগ হলেও তিনি এখনো বাড়ি ফেরেননি।

গত ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বগুড়ার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি থেকে আনোয়ার হোসেনকে এবং দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে দেলোয়ারকে তুলে নেওয়ার অভিযোগ করে পরিবার। পরে তাঁদের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেও কাজ না হলে ২৬ ডিসেম্বর হাইকোর্টে পৃথক রিট করা হয়। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দিতে গত বুধবার নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারির মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।