কুড়িগ্রামে ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৯৪টি ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ (২৫) দুজনকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩–এর একটি দল। পরে র‌্যাব বাদী হয়ে গতকাল বুধবার রাতে ফুলবাড়ী থানায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনার পর ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ থেকে লোকমানকে বহিষ্কার করা হয়।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাবের একটি দল উপজেলার নজরমামুদ এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। এ সময় তাঁদের তল্লাশি করে ১৯৪টি ইয়াবা জব্দ করা হয়। পরে দুই মাদক চোরাকারবারিকে ফুলবাড়ী থানায় নিলে র‌্যাব বাদী হয়ে মামলা করে।

এ দুজন হলেন উপজেলার চন্দ্রখানা গ্রামের মামুন পোদ্দার (২২) এবং পানি মাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫)।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌকির হাসান ও সাধারণ সম্পাদক মো. মোছাব্বীর রহমান লিখিত এক বিবৃতিতে লোকমান হোসেনকে অব্যাহতি দেন।

এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোছাব্বীর রহমান বলেন, ছাত্রলীগে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর স্থান নেই। সে কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, মাদক মামলায় দুজনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।