দিনাজপুরে ধানখেতে পড়ে ছিল কৃষকের রক্তাক্ত লাশ

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাতে স্ত্রী ও মেয়ে পাশের গ্রামে ইসলামি জলসা শুনতে যান। বাড়িতে একা ছিলেন কৃষক আশরাফুল ইসলাম (৪৫)। সকালে বাড়ির উত্তর পাশে ধানখেতে তাঁর রক্তমাখা লাশ দেখতে পান মাঠের কৃষকেরা।

আজ সোমবার সকালে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেগমপুর মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আশরাফুল ইসলাম ওই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

কৃষক আশরাফুল ইসলামের ছোট ভাই আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভাবি ও ভাতিজি গতকাল (রোববার) রাতে পাশের গ্রাম সাতকুড়িতে ইসলামি জলসা শুনতে গিয়েছিল। বড় ভাই বাড়িতে একা ছিলেন। সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মাঠে গিয়ে ভাইয়ের রক্তাক্ত লাশ দেখতে পাই।’

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি তদন্ত করছেন। তদন্তের সর্বশেষ তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।