অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করতে আসায় অবরুদ্ধ করে মারধর

গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে আসায় তিতাস কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁরা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় মুক্তি পান। হামলায় তিতাসের অন্তত তিন কর্মকর্তা আহত হয়েছেন।

পুলিশ ও তিতাস কর্মকর্তারা জানান, উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আয়মন টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা মূল গ্যাস-সংযোগের পাশ দিয়ে অবৈধভাবে বাইপাস সংযোগ নিয়ে কারখানা চালিয়ে আসছিল। গোপন সূত্রে এ তথ্য পেয়ে রোববার কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় তিতাস গ্যাসের গাজীপুর ও চন্দ্রার আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষ। এ সময়ে কারখানার ২০-৩০ জন লোক তিতাসের কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করেন। তিতাসের কর্মকর্তারা নিরুপায় হয়ে ৯৯৯-এ সহযোগিতা চান। পরে দ্রুত কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

হামলায় তিতাসের আহত তিন কর্মকর্তা হলেন তিতাসের চন্দ্রা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আতিউর চৌধুরী, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান ও ব্যবস্থাপক মোস্তফা মাহাবুব। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় অবরুদ্ধ ছিলেন তিতাসের গাজীপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বিপণন বিভাগ) শাহজাদা ফরাজি। তিনি বলেন, এর আগেও দুবার কারখানাটির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তাদের অবৈধভাবে নেওয়া বাইপাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তারা হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। ওই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানা জানান, ৯৯৯-এ খবর পেয়ে তিতাসের কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ পেলে কারখানাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।