নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসা থেকে ফেনীর উদ্দেশে তাঁর গাড়িবহর যাত্রা করে। বেলা সোয়া একটায় তাঁকে বহনকারী বাসটি ফেনী এসে পৌঁছায়। ফেনী হয়ে তাঁর গাড়িবহর জেলার পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় আসে বেলা দুইটা নাগাদ। এর আগে শুরু হয় ভারী বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দুপুর আড়াইটায় তিনি ১ হাজার ৫৪২ কোটি টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন করেন। এরপরই শুরু হয় সমাবেশের কার্যক্রম।
এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামের ঘাটঘর এলাকার দক্ষিণ কাউতলীর মহুরী নদীর পাড়ে হাজারো নারী-পুরুষ ভিড় জমান সকাল থেকেই। সকাল ১০টার আগেই পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তবে সেখানে সবার প্রবেশের অনুমতি মেলেনি। অনেকেই তাই আশপাশের সড়কে ভিড় জমিয়েছেন।
সভাস্থলে যাওয়ার অনুমতি না পেলেও নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন পূর্ব সাহেবনগর গ্রামের পঞ্চাশোর্ধ্ব নুরজাহান। তিনি বলেন, ‘সকাল নয়টায় নাতিকে নিয়ে এই এলাকায় এসেছি। আমাদের এই জেলার মেয়ে বেগম খালেদা জিয়ার বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তিনি আমাদের আপনজন। তাঁকে একনজর দেখতে দাঁড়িয়ে আছি সকাল থেকে।’
স্থানীয় ষাটোর্ধ্ব কৃষক আবদুল জলিল বলেন, ‘মুহুরী নদীর বেড়িবাঁধ ভালোভাবে সংস্কার করলে আমাদের এই এলাকা প্রতিবছর বন্যার হাত থেকে রেহাই পাবে। এত বড় প্রকল্পের কাজের উদ্বোধন করায় আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব, কাজটি সঠিকভাবে পালন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছিলেন খালেদা জিয়া। এবারের সফরে পরশুরামের পাশাপাশি ফুলগাজীও যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন। কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় সোলার প্যানেল থেকে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
ফুলগাজী উপজেলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ আজ। হাজারো মানুষ সকাল থেকে সড়কে অবস্থান করছেন।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন। রাত নয়টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।