
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের পাশে আখ সেন্টার এলাকায় পুকুরের পানিতে ডুবিয়ে রাখা স্কচটেপে মোড়ানো ৪টি পিস্তল, ১৮টি গুলিসহ দুই শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন। তিনি জানান, এসব অস্ত্র নির্বাচনের দিন ব্যবহার করার পরিকল্পনা ছিল। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর স্টেডিয়ামে ফরিদপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন বলেন, ‘গোপন সংবাদে আমরা জানতে পারি, ওই পুকুরে অবৈধ অস্ত্র আছে। পরে ফায়ার সার্ভিস, র্যাব, বিজিবি ও পুলিশের সহযোগিতায় আজ শনিবার সকালে আমরা যৌথ অভিযানে যাই। পুকুরটিতে পাঁচ ফুট পরিমাণ পানির গভীরতা ছিল। পরে একটি শ্যালো ইঞ্জিন চালিয়ে দেড়–দুই ফুট পরিমাণ পানি অপসারণ করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় জেলেদের সহযোগিতায় স্কচটেপে মোড়ানো চারটি বান্ডিল পুকুর থেকে উদ্ধার করা হয়। বান্ডিলগুলো থেকে ৪টি পিস্তল, ১৮টি গুলি ও ২টি কাটা পাইপগান উদ্ধার করা হয়। এ ছাড়া চায়নিজ কুড়াল, ছোট-বড় ছেনদা, বল্লম, ছোট-বড় চাকু, বর্শার মাথা, টেঁটাসহ দুই শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচটি খালি কাচের মদের বোতলও ছিল।’
মিনহাযুল আবেদীন আরও বলেন, ‘অস্ত্রগুলো কোনো থানার লুট হওয়া নাকি চোরাই পথে আসা, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। পাশাপাশি দেশি অস্ত্রগুলোও কোনো থানার জব্দ করা কি না, তা–ও আমরা খতিয়ে দেখছি। অস্ত্রগুলো যে বা যারা এখানে রেখেছে, তাদের আমরা অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসব।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।