চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ছাইয়ের স্তূপ থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের পেছনে জিপ গাড়ি রাখার স্থানে শিশুটিকে পাওয়া যায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিকেলে জিপ সরানোর সময় চালক ছাইয়ের স্তূপে নবজাতকটিকে দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, বেলা তিনটার দিকে অল্প বয়সী লুঙ্গি পরা এক ব্যক্তি ও দুই নারী নবজাতকটিকে সেখানে রেখে দ্রুত চলে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়েছে। কম ওজন ও অপরিণত অবস্থার কারণে সে নানা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এক ব্যক্তি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।