
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগে করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম খোকন মিয়া (৪৮)। তিনি কেন্দুয়ার মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি মাসকা ইউনিয়নের ডুপি চান্দালি এলাকায়।
স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৮টার দিকে মাসকা বাজারে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার এবং আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিলের সমর্থকদের মধ্যে হঠাৎ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেখানে থাকা কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় লোকজন ও নেতা-কর্মীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার ইফতেখার উদ্দিনের সমর্থক আপেল মাহমুদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাম বাঙালিকে।
পুলিশ গতকাল রাত আড়াইটার দিকে মাসকা ইউনিয়নের ডুপি চান্দালি এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে মামলার ৭ নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করে।
এদিকে একই ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমারের সমর্থক শফিউল আলম বাদী হয়ে গতকাল থানায় ২৯ জনের নাম উল্লেখ করে পাল্টা একটি মামলা করেন।
নেত্রকোনা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।
অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকদের ওপর হামলার অভিযোগে করা মামলার আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।