
কক্সবাজারের চকরিয়ায় তামাকখেত থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম রাকিবুল ইসলাম (১৮)। তিনি হাজিয়ান গ্রামের আলীপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে। তিনি চকরিয়া উপজেলার একটি ফুচকার দোকানে কর্মচারী ছিলেন। পুলিশের ধারণা, তাঁকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। পরিবার বলছে, বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে তামাকখেতে কাজ করতে গেলে কয়েকজন ব্যক্তি রাকিবুল ইসলামের লাশ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পরিবারের লোকজন এসে রাকিবুলের লাশ শনাক্ত করেন। এরপর পুলিশকে জানানো হয়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন রাকিবুলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, মরদেহের ডান হাতে পোড়া দাগ রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের শক দেওয়ার মতো কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর লাশ তামাকখেতে ফেলে রেখে যাওয়া হয়েছে।
নিহত রাকিবুল ইসলামের মা রাবেয়া বেগম বলেন, তাঁর ছেলেকে রাতে দুজন ব্যক্তি ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর আর তাঁর ছেলে ঘরে ফেরেনি। তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, এখনো পর্যন্ত হত্যার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে পুলিশের কয়েকটি দল হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে।