
নরসিংদীর রায়পুরা উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম খোরশেদ মিয়া (৪৫)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মধ্যারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জের ভৈরব থেকে রওনা হয়ে গ্যাস নেওয়ার জন্য রায়পুরার বারৈচার এলাকার একটি পাম্পের দিকে যাচ্ছিল। আর খালি পিকআপ ভ্যানটি যাচ্ছিল ভৈরবের দিকে। সকাল সাতটার দিকে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রমের সময় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে অটোরিকশাচালক খোরশেদ মিয়া মারা যান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় পিকআপ ভ্যান ও অটোরিকশাটি জব্দ করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, নিহত অটোরিকশাচালক খোরশেদ মিয়ার লাশ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এরই মধ্যে তাঁর স্বজনদের খবর জানানো হয়েছে। তাঁরা মামলা করতে চাইলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আর মামলা করতে না চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।