দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও হয়রানির প্রতিবাদে রংপুরে পুলিশি বাধায় শোক র্যালি নিয়ে সড়কে নামতে পারেননি দলটির নেতা-কর্মীরা। র্যালি না করতে পেরে নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয় থেকে পূর্বঘোষণা অনুযায়ী আজ দুপুর ১২টার দিকে শোক র্যালি বের করে মহানগর বিএনপি। মিছিলটি প্রধান সড়কে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।
দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মাহফুজ উন নবী।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বিএনপিকে বিক্ষোভ মিছিল করতে দেওয়া হচ্ছে না। নেতা-কর্মীদের পুলিশ লাঠিপেটা করছে। বিএনপিকে শান্তিপূর্ণ মিছিলও করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে হামলা চালাচ্ছে। এভাবে দমন–পীড়ন করে বেশি দিন টিকতে পারবে না এ সরকার। রাজপথের আন্দোলনেই এ সরকারের পতন হবে।
কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান প্রথম আলোকে বলেন, রাজপথে বিক্ষোভ সমাবেশের অনুমতি নেই বলে বাধা দেওয়া হয়েছে।