
মহিষ চুরির মামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীর আদালতে আত্মসমর্পণ করেন নবী হোসেন। এ সময় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত ছিদ্দিক আহমদের ছেলে মো. নছিমের চিংড়ির ঘের থেকে আটটি মহিষ চুরি হয়। এ ঘটনায় মো. নছিম ২০২১ সালের ৯ মে মামলা করেন।
মামলাটি তদন্ত করতে গিয়ে চুরির সঙ্গে নবী হোসেন জড়িত থাকার বিষয়টি উঠে আসায় অভিযোগপত্রে তাঁকে ২ নম্বর আসামি করেন তদন্ত কর্মকর্তা।
এ ছাড়া মামলার অপর আসামি আবুল হাশেম চুরির ঘটনায় নবী হোসেন জড়িত ছিলেন উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলায় নবী হোসেন সম্প্রতি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে আদালত তাঁকে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী সরকারি কৌঁশলি (এপিপি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নবী হোসেন আজ কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।