
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাঈদ ওসামা (২২) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরের মতিহার থানার বুধপাড়া এলাকার আবদুস সালামের ছেলে। আহত অন্য দুজন হলেন এলিম ইসলাম (২২) ও সাগর আহমেদ (২৮)। তাঁদের বাড়িও রাজশাহী নগরে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বেলা সাড়ে তিনটার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁদের তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ওসি কামরুল আরও বলেন, গোদাগাড়ীর ওই রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ। ওই রাস্তায় তিনজন নিয়ে মোটরসাইকেল ড্রাইভ করা অনেক ঝুঁকির। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরিবার অভিযোগ দিলে মামলা তা নেওয়া হবে।