সঞ্জয় কুমার দাস
সঞ্জয় কুমার দাস

লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ভিডিও প্রকাশ, মেহেরপুরে তরুণ আটক

মেহেরপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তি করার অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এদিকে সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আগেই থানায় মামলা ছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মেহেরপুর সদর–পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন সঞ্জয় কুমার দাস। ভিডিওতে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তি করতে দেখা যায় তাঁকে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয়কে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে মামলা ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিলেটে তরুণ আটক

আটক মেহেদী আহমেদ

সিলেটের কোতোয়ালি থানা–পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মেহেদী আহমেদ ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। পাশাপাশি নিজের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানান দেন। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে গতকাল রাতে নগরের নোয়াগাঁও সাদিপুর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ওসি খান মো. মাইনুল জাকির চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া বিভিন্ন মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।