শাকিলের ভ্রাম্যমাণ ভাপা পিঠার দোকানে সংসারে স্বস্তি

ভ্রাম্যমাণ দোকানে পিঠা বিক্রি করে পাশাপাশি সংসারে স্বস্তি ফিরিয়েছেন শাকিল হোসেন। গত বুধবার সন্ধ্যায় রংপুর নগরের ধাপ এলাকায়
ছবি: মঈনুল ইসলাম

বিশেষভাবে তৈরি করা ভ্যানটির সামনের দিকে একটি চাকা। পেছনে দুটি হাতল। হাতলের নিচে দুটি খুঁটি লাগালেই যেকোনো জায়গায় বসানো যায়। এই বাহনে একটি কেরোসিনের চুলার ভাপা পিঠা বানিয়ে রংপুর শহরের এখানে-ওখানে বিক্রি করেন শাকিল হোসেন (১৮)। এই ভ্রাম্যমাণ দোকানে পিঠা বিক্রি করে তিনি নিজের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি অভাবের সংসারে অনেকটা স্বস্তি ফিরিয়েছেন।

রংপুর নগরের ব্যস্ততম ধাপ এলাকায় বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র বেশি। বিকেল থেকে রাত পর্যন্ত দূরদূরান্ত থেকে শত শত মানুষের আগমন ঘটে এখানে। এ এলাকার পথের ধারে গতকাল বুধবার সন্ধ্যার পর দেখা মিলল শাকিল হোসেনের। তাঁর এক চাকার ভ্যানের ওপর কেরোসিনের চুলা জ্বলছে। চুলার ওপর একটি মাটির হাঁড়িতে পানি গরম হচ্ছে। হাঁড়ির ফুটো করা ঢাকনার মধ্যে কাপড়ে মুড়িয়ে একটির পর একটি ভাপা পিঠা। গুড় আর কুচি কুচি করে নারকেল দেওয়া পিঠা বিক্রিও হচ্ছে বেশ।

রোকসানা পারভীন নামের একজন ভাপা পিঠা খেতে খেতে বললেন, ‘বেশ মজা। সন্ধ্যার পর ইতিমধ্যে শীতের আমেজও পড়তে শুরু করেছে। এভাবে দাঁড়িয়ে গরম ভাপা পিঠা খাওয়ার যেন মজাই আলাদা। দাম যে খুব একটা তা-ও নয়, মাত্র ১৫ টাকা। হাতের কাছেই এমন পিঠার লোভ সামলাতে পারলাম না বলে দুটি খেয়ে ফেললাম।’

ছোট্ট ভ্যানটি তৈরি করতে শাকিলের খরচ পড়েছে দেড় হাজার টাকা।

কুড়িগ্রামের রৌমারীতে জাকির হোসেন কারিগরি বিদ্যালয়ে পড়ছেন দশম শ্রেণিতে। বাবা আবদুল করিম। পেশায় দিনমজুর। আর মা করিমুন বেগম, গৃহিণী। ছোট ভাই চতুর্থ শ্রেণিতে পড়ছে। সংসারটির অবস্থা ছিল দিন আনতে পান্তা ফুরায়। জীবিকার তাগিদে শাকিল চলে আসেন রংপুর শহরে। দিয়েছেন ভাপা পিঠার ভ্রাম্যমাণ দোকান। তবে তিনি পড়ালেখার হাল ছাড়েননি। শাকিলের বাড়ি রৌমারীর নদী ভাঙন কবলিত এলাকায়। এ এলাকায় আশ্বিন-কার্তিক মাসের এই সময়ে এমনিতেই কাজের সংকট থাকে। অনেকটা বসেই সময় কাটাতে হয় শাকিলের বাবার। সংসারের হাল ধরতে শাকিল রংপুরে এসেছেন ১৫ দিন হলো।

কথায় কথায় জানা গেল, ছোট্ট ভ্যানটি তৈরি করতে শাকিলের খরচ পড়েছে দেড় হাজার টাকা। বাবার দিনমজুরির জমানো টাকায় এটি তৈরি করেছেন। তাঁর মতো আরও ৩০ জন একই এলাকা থেকে এই কাজ করতে দল বেঁধে রংপুর শহরে এসেছেন। তাঁরাও শহরের বিভিন্ন জনবহুল এলাকায় এভাবেই ভাপা পিঠা তৈরি করে বিক্রি করছেন। এর মাধ্যমে পরিবারের আপৎকালীন অনটন দূর করা যাচ্ছে।

শাকিল জানালেন, রংপুর নগরের জুম্মাপাড়ায় তিনজন মিলে একটি ঘর ভাড়া নিয়েছেন। ভাপা বিক্রির আয়ের টাকায় ঘরভাড়া পরিশোধসহ তিন বেলা খাবার খেয়ে দিনে ৪০০ টাকা আয় থাকে। সপ্তাহে এক দিন বাড়িতে টাকা পাঠান মা-বাবার কাছে। ভরা শীত মৌসুমে পিঠা বিক্রি বেড়ে যাবে। তখন লাভও অনেক বেশি হবে জানিয়ে এই কিশোর বলেন, এখন প্রতিদিন পাঁচ কেজি চালের পিঠা তৈরি করে বিক্রি করা হচ্ছে। এটি শীতে গিয়ে দাঁড়াবে দ্বিগুণ, অর্থাৎ ১০ কেজিতে। তখন প্রতিদিন লাভের পরিমাণও দ্বিগুণ হবে।

‘অভাব-অনটনের সংসার হলেও কারও কাছে কোনো ধারদেনা নেই। টাকার জন্য অন্যের কাছে হাত পাততেও হয়নি। নিজের কাজ নিজে করছি। যার যার অবস্থান থেকে সবাই কর্মমুখী হয়ে উঠলে চারপাশের পরিবেশটাও বদলে যাবে’, বলেন শাকিল।