
ফেনীতে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় (থ্রি–পিস) জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে ছাত্রলীগের সাবেক একজন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রোববার রাতে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল কামাল বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন (৩৫), একই এলাকার বাসিন্দা তাঁর সহযোগী নুর আলম ওরফে তুষার চৌধুরী (২৮), কাভার্ড ভ্যানের চালক শাহাদাত হোসেন (২৮) ও চালকের সহযোগী আবদুল হালিম (১৯)। তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের সদর হাসপাতাল মোড় এলাকায় ডিবির একটি দল অবস্থান নেয়।
আজ সোমবার দুপুরে তাঁদের ফেনীর আদালতে পাঠিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান শুনানি শেষে প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহম্মেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের সদর হাসপাতাল মোড় এলাকায় ডিবির একটি দল অবস্থান নেয়। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে রাত সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় সেটিকে থামতে সংকেত দেওয়া হয়। সেটি থামার পর তল্লাশি করে ৫১৫টি ভারতীয় শাড়ি ও ২৭০টি থ্রি–পিস উদ্ধার করা হয়। এ সময় ভারতীয় পণ্য চোরাচালানের ঘটনায় জড়িত অভিযোগে কাভার্ড ভ্যান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২২ হাজার টাকা।