সাগরে নেমে নিখোঁজ পর্যটকের লাশ মিলল জেলেদের জালে

লাশ
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় সমুদ্রের পানিতে নেমে নিখোঁজ পর্যটকের লাশ জেলেদের জালে আটকা পড়ার পর উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আল আমীন (৩০)। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সৈকতের ব্লক পয়েন্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আল আমীন বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানী গণ্ডগ্রামের মো. সিরাজুল হকের ছেলে। তিনি একটি মুঠোফোন কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

জানতে চাইলে কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ প্রথম আলোকে বলেন, আজ সকালে জেলেদের জালে লাশটি আটকা পড়ে। এরপর সেটি উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অফিসের সহকর্মীদের ৬০ জনের একটি দলের সঙ্গে বগুড়া থেকে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন আল আমীন। তাঁর সহকর্মীরা জানান, গতকাল সোমবার সকালে তাঁরা হোটেল সি-ভিউতে ওঠেন। বেলা একটার দিকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাঁরা সৈকতসংলগ্ন সমুদ্রের পানিতে নামেন।

আল আমীনও একটি ছোট দলের সঙ্গে জিরো পয়েন্ট এলাকায় সমুদ্রে নামেন। ওই সময় সমুদ্র উত্তাল থাকায় হঠাৎ ঢেউয়ের ঝাপটায় তিনি ভেসে যান। এ সময় খাইরুল ইসলাম (২৯), অলিদ হোসেন (২২) ও ফারুক হোসেন (২০) নামে তাঁর তিন সহকর্মী তাঁকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পাথরের সঙ্গে আঘাত লেগে আহত হন।

এর আগে গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতে এক পর্যটক সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হন। ওই দিন বেলা তিনটার দিকে কুয়াকাটার শুঁটকিপল্লি–সংলগ্ন সমুদ্রের তীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।