চাঁদপুর সদর উপজেলায় লাঠিসোঁটা নিয়ে কয়েকজন যুবকের ‘মাদকবিরোধী অভিযানের’ সময় কারণ জানতে চাওয়ায় হামলায় শাহজাহান পাটওয়ারী (৫০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মহামায়া মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, মান্দারী এলাকায় কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে ‘মাদকবিরোধী অভিযান’ চালান। এ সময় শাহজাহান পাটওয়ারী এর কারণ জানতে চান। তখন ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ।
নিহত শাহজাহান পাটওয়ারীর ভাই ইয়াসিন পাটওয়ারী অভিযোগ করেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তাঁর পাঠানো লোকজনের হামলায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। সামনে নির্বাচন। আমার জনপ্রিয়তা দেখে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ এনেছে।’
লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।