
১৩ জুলাই বরিশাল সফর সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সফরের প্রস্তুতির অগ্রগতি জানতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আলাপকালে তিনি উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে উপস্থিত নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভা চলাকালে এই ফোনালাপ করেন প্রধানমন্ত্রী। গৌরনদী–আগৈলঝাড়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম বরিশাল সফরে আসছেন উল্লেখ করে সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এটি বরিশালবাসীর জন্য আনন্দ ও গৌরবের একটি মুহূর্ত। বিএনপির রাজনীতি গণমানুষের কল্যাণ ও উন্নয়নের রাজনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করছে। দলের প্রত্যেক নেতা-কর্মীকে জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই রাজনীতি করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কৃষি, খাল খনন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও মানুষের জীবন-জীবিকার বিষয়গুলোকে তিনি রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও সামাজিক কর্মসূচি, গণতান্ত্রিক আন্দোলন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুক্রবার সারা দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল ও তাঁর নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়ায় একাধিক প্রস্তুতিমূলক কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি জেলা ও বিভাগীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে সফরের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।
এর আগে সকালে তথ্যমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী সফরকালে গৌরনদীতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেই কর্মসূচির স্থানও তিনি পরিদর্শন করেন।
এ ছাড়া দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর ও বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বেলা তিনটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।