বগুড়ার গাবতলী উপজেলায় ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার মমিনহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিতা রানী মজুমদার ওই গ্রামের বিধান চন্দ্র মজুমদারের স্ত্রী। তাঁদের দুই ছেলে–মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে শুধু স্বামী–স্ত্রী বসবাস করতেন।
নিহত ব্যক্তির স্বামী বলেন, বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতার সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১১টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। একই সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে গিয়ে তিনি দেখতে পান, রিতার গলা কাটা রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে। এ সময় বাড়ির সদর দরজা খোলা ছিল।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, রিতা নামের ওই গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।