গণ–আন্দোলনের মুখে দ্রুতই বর্তমান সরকারের পতন দেখছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। তাঁর মতে, দেশে নির্দলীয় নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা। আলোচনার বিষয় ছিল বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা।
আমান উল্লাহ আমান বলেন, পৃথিবী চায় নিরপেক্ষ নির্বাচন, এক শেখ হাসিনা চান না। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণকে তাঁদের এত ভয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাঁরা এমপি হয়েছেন, জনগণ তাঁদের সংসদ থেকে বের করে নিয়ে আসবে। জনগণের বিজয় অতি সন্নিকটে। এই সরকারের পতন ঘটিয়ে মানুষের সরকার প্রতিষ্ঠা করা হবে। এ আন্দোলন হবে জনগণের আন্দোলন, দেশ ও গণতন্ত্রের জন্য আন্দোলন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব শওকত হোসেন সরকার। সভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা শহীদউজ্জামান, নজরুল ইসলাম, আহমেদ আলী রুশদী, মাহবুবুল আলম, বসির আহমেদ, সিটি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, সরকার জাভেদ আহমেদ, মোছলেম উদ্দিন চৌধুরী মূসা প্রমুখ।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি আগামী জাতীয় নির্বাচনে যাবে না বলে জানান আমান উল্লাহ আমান। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আইয়ুব গেছে, ইয়াহিয়া গেছে, এরশাদ গেছে, শেখ হাসিনাকেও যেতে হবে। গত ৪ মাসে ১০ জন নেতা–কর্মীকে হত্যা করা হয়েছে। ১০ জন কেন, ১০ হাজার নেতা–কর্মীকে হত্যা করলেও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় না করে জনগণ রাজপথ ছাড়বে না। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশসহ রাষ্ট্রের সব কাঠামো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন। শেখ হাসিনা ২০১৪ সাল, ২০১৮ সালের মতো নির্বাচন করতে চান। এ নির্বাচন এবার জনগণ হতে দেবে না।