পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা নাঈমুজ্জামানের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় চিনিকল মাঠে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামানকে (মুক্তা) আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় চিনিকল মাঠে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ‘জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের’ ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর আশরাফুল আলম, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান, সাইদুর রহমান ও মাজেদুর রহমান চৌধুরী, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগের নেতা আলমগীর কবীর ও মো. আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, নাঈমুজ্জামান পঞ্চগড়-১ আসনের তরুণ প্রজন্মের প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করছেন। এ ছাড়া তিনি পঞ্চগড়ের মানুষের চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করছেন। ইতিমধ্যে তিনি পঞ্চগড়-১ আসনের ১১৭ জন কর্মীর বাড়িতে রাত কাটিয়েছেন। মানুষের দোরগোড়ায় গিয়ে তাঁদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করছেন। এসব দেখে তরুণেরা তাঁর প্রতি আকৃষ্ট হয়েছেন। বর্তমানে পঞ্চগড়ে প্রায় ৩৭ শতাংশ তরুণ ও যুবক ভোটার আছেন। তিনি নৌকার মনোনয়ন পেলে প্রবীণদের সহায়তা নিয়ে তরুণ প্রজন্মের ভোটাররা তাঁকে নির্বাচিত করতে পারবেন। সংসদ নির্বাচনে একমাত্র তিনিই নৌকার মনোনয়ন পেলে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে নাঈমুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে সংবাদ সম্মেলনের আয়োজকদের মধ্যে অন্যতম হাসনাত হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, সংবাদ সম্মেলনের পর নাঈমুজ্জামান ভাইকে জানানো হয়েছে। যোগ্য নেতা হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন তাঁরই (নাঈমুজ্জামান) পাওয়া উচিত বলে মনে করে যুবসমাজ ও তরুণ জনপ্রতিনিধিরা। মূলত এ জন্যই তাঁরা সংবাদ সম্মেলন করেছেন।