বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপীঠ

ভবন নির্মাণে দেরি, মাঠও বন্ধ

নির্মাণকাজের মেয়াদ দুবার বাড়ানো হয়েছে। মাঠে নির্মাণসামগ্রী রাখায় খেলা করতে পারছে না শিক্ষার্থীরা।

মাঠের ভেতর নির্মাণসামগ্রী রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপিঠে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীতে বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপীঠের ভবন নির্মাণের কাজ চলছে ঢিমেতালে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর নির্মাণকাজের মেয়াদ দুবার বাড়ানো হয়েছে। এদিকে মাঠে নির্মাণসামগ্রী রাখায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হচ্ছে। চারতলা ভবনের নির্মাণের প্রাক্কলন মূল্য ৩ কোটি ২৬ লাখ টাকা। ভবনে কক্ষের সংখ্যা ১২। যৌথভাবে কাজের দায়িত্ব পায় মেসার্স রাজিন ইন্টারন্যাশনাল ও মেসার্স শরীফ অ্যান্ড সন্স (আরআই-এসএস জেভি)। কার্যাদেশ দেওয়া হয় ২০১৯ সালের ২২ অক্টোবর। নির্মাণকাজ শেষ করার মেয়াদ ছিল দুই বছর। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ হয়নি। দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানোর পর কাজের অগ্রগতি ২৫ শতাংশ।

বাবুপুর কসিম উদ্দিন বিদ্যাপীঠ স্থাপিত হয় ১৯৮৭ সালে। শিক্ষক-কর্মচারীর সংখ্যা ২০। শিক্ষার্থী ৩৭০ জন। বিদ্যালয়ের ভবন রয়েছে দুটি। একটি টিনশেড ও একটি দোতলা পাকা ভবন। বিদ্যালয়ের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে শিক্ষার্থীরা একটি মাঠই ব্যবহার করে।

সরেজমিনে দেখা যায়, বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপীঠ ও বাবুপুর কছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি অবস্থিত। বিদ্যালয়ের বড় একটি খেলার মাঠ। মাঠের শেষ প্রান্তে ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়া হয়েছে। পাইলিংও করা হয়েছে। মাঠের মধ্যে নির্মাণকাজের জন্য নিয়ে আসা বালু ও খোয়া রাখা আছে। শ্রমিকেরা রড বাঁধাই করার কাজ করছেন।

স্থানীয় বাসিন্দা কয়েক শিক্ষার্থী জানায়, করোনার কারণে অনেক দিন খেলাধুলা বন্ধ ছিল। তখন অনেক দিন ধরে মাঠের মধ্যে বিভিন্ন ধরনের মালামাল এনে রাখা হয়। এতে খেলাধুলা বন্ধ রয়েছে।

বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপীঠ ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি আলী রেজা বলেন, এ বিদ্যালয় মাঠে স্থানীয় লোকজন বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতেন। বিকেলে প্রতিদিন খেলাধুলা হতো। কিন্তু মাঠে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এ কারণে শিক্ষার্থী ও এলাকার কিশোর-তরুণেরা খেলাধুলা করতে পারছেন না। নির্মাণকাজ দ্রুত শেষ হোক, এটাই সবার দাবি।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা খুব ঝামেলার মধ্যে আছি। ঠিকাদার সময়মতো কাজ করছেন না। এক দিন কাজ করে তো আবার দুই দিন করেন না। আমরা সংসদ সদস্য ও ইউএনওর মাধ্যমে ঠিকাদারকে দ্রুত কাজ করতে বলেছি। কিন্তু কারও কথায় কোনো কাজ হচ্ছে না।’

ঠিকাদারি প্রতিষ্ঠান রাজিন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মীর মঞ্জুর হোসেন বলেন, কার্যাদেশ পাওয়ার পর করোনা শুরু হয়। এ কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে। কাজ শুরু করার পর পাশে পুকুর থাকায় সেখানে পানি উঠে যায়। আবার পাইলিং করার পর বিল রিভিশন নিয়ে ঝামেলা হয়েছে। তিনি আরও পাঁচটি মাদ্রাসায় কাজ করছেন। সব মিলিয়ে কাজ সম্পন্ন করতে দেরি হচ্ছে।

রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবজাল হোসেন বলেন, ইতিমধ্যে ২৫ শতাংশ কাজ হয়েছে। দ্রুত কাজ শেষ করার জন্য দুবার চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া ফোনেও তাগিদ দেওয়া হয়। আগামী জুনের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে।