
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে মো. এস্তাফিজুর রহমান (৫৭) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ভ্যানের চালক ছিলেন। আজ রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার ছদাহার ঠাকুরদীঘির এসআই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এস্তাফিজুর রহমান লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়ার ঘোনারপাড়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি গ্রাম থেকে সবজি কিনে ভ্যানে করে পাইকারি সবজি বাজারে নিয়ে বিক্রি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এস্তাফিজুর আজ ভোরে নিজের ভ্যান চালিয়ে ছদাহার শিশুতল পাইকারি সবজি বাজারে সবজি বিক্রি করতে আসেন। সকাল আটটার দিকে সবজি বিক্রি শেষে ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় মহাসড়কের ছদাহার ঠাকুরদীঘির এসআই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে গেলে একটি ট্রাক তাঁর ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।