
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কমলেশ বাড়ৈ (৪৫) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের মহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে মনমথ বাড়ৈ (৪০) এবং একই গ্রামের নিহত কমলেশ বাড়ৈর স্ত্রী সুবর্ণা বাড়ৈ (৩৮)। ওই দুই আসামি পালতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, কমলেশ বাড়ৈ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তাঁর স্ত্রী সুবর্ণা বাড়ৈ পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের মনমথ বাড়ৈর সঙ্গে। বিষয়টি কমলেশ জেনে যান। এরপর সুবর্ণা ও মনমথ বাড়ৈ একত্রে তাঁকে হত্যার পরিকল্পনা করেন। ২০২০ সালের ২ মার্চ গভীর রাতে তাঁরা দুজন কমলেশকে হত্যা করেন এবং বাড়ির পাশে ঘেরের পাড়ে লাশ মাটিচাপা দেন। পরিবারের লোকজন কমলেশকে না পেয়ে ১০ মার্চ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই বছরের ২৬ মে বাড়ির পাশে ঘেরপাড় থেকে কমলেশের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কমলেশের ভাই রমেশ বাড়ৈ বাদী হয়ে ওই দুজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। ২০২০ সালের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।