জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেলচালকেরা ক্ষুব্ধ হয়ে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার মান্দরতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের নিগি ফিলিং স্টেশনের সামনে
জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেলচালকেরা ক্ষুব্ধ হয়ে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার মান্দরতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের নিগি ফিলিং স্টেশনের সামনে

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে তেল না পেয়ে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেলচালকেরা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার মান্দরতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিগি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার সকাল ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত কর্মচারীরা বিরতিহীন কাজ করেন। অতিরিক্ত কাজের চাপে ক্ষুব্ধ হয়ে তাঁরা আজ সকালে কাজে যোগ দেননি। কর্মচারী–সংকটে সকাল থেকে ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ ছিল। এতে অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বেলা আড়াইটার দিকে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে বেলা সাড়ে তিনটার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়।

নিগি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী লফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নিজে তেল দেওয়া শুরু করেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।